তোলাবাজির মামলার দুই অভিযুক্ত, জেল হেফাজতের নির্দেশ।
আদ্রা, নিজস্ব সংবাদদাতা:দীর্ঘ কয়েক বছর ধরে ঝুলে থাকা একটি তোলাবাজি ও হামলার মামলায় বড় সাফল্য পেল আদ্রা থানার পুলিশ। পুরনো মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আব্দুল রশিদ ওরফে বুবলি এবং মনোজ ঠাকুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদ্রা শহরের এক ব্যবসায়ীর বাড়িতে জোরপূর্বক ঢুকে অভিযুক্তরা তোলা আদায় করে। অভিযোগ, ওই সময় ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়, ভয়ভীতি দেখানো হয় এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে আদ্রা থানায় এই দুই অভিযুক্ত-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্তের পর বুধবার অভিযুক্ত আব্দুল রশিদ ওরফে বুবলি এবং মনোজ ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।
